চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। সংগঠনটির চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা জেলা শাখার উদ্যোগে পৃথক দুটি ত্রাণ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ছনুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মোট ৬৩০টি পরিবারের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রথম পর্যায়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা শাখার উদ্যোগে ছনুয়া ইউনিয়নের ৩৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সালমান শামীম, সদস্য সচিব হৃদয় মুহুরি, ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সূরাইম, বাঁশখালী উপজেলার সংগঠক তুষার আহমেদ, আনোয়ার সাজিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গৃহবন্দী প্রায় ২৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সভাপতি মীর মাহদী আল মাঞ্জুর, নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাফী, চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তুষার আহমেদ খলিল, আনোয়ার সাজিদ এবং বাঁশখালী উপজেলার অন্যান্য সংগঠকবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তুষার আহমেদ খলিল উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করার আন্দোলনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে নিরাপদ সড়ক আন্দোলন সবসময় মাঠে থাকবে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে নিরাপদ সড়ক আন্দোলন।


