সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ‘দুর্ঘটনা’ নয়, ‘রোড ক্র্যাশ’ শব্দ ব্যবহারের আহ্বান

গণমাধ্যম, সরকারি নথিপত্র এবং সাধারণ কথ্য ভাষায় ‘সড়ক দুর্ঘটনা’ (Road Accident) শব্দের পরিবর্তে বিজ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল পরিভাষা ‘রোড ক্র্যাশ’ (Road Crash) ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ, গণমাধ্যমকর্মী এবং নীতিনির্ধারকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (রোড সেফটি মুভমেন্ট)।

শব্দ কেবল অর্থ প্রকাশ করে না, চিন্তার দিকনির্দেশনাও নির্ধারণ করে। তাই সড়ক নিরাপত্তায় সঠিক পরিভাষার চর্চা কেবল ভাষাগত পরিবর্তন নয়, বরং জবাবদিহিতা প্রতিষ্ঠা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অন্যতম প্রধান শর্ত।

শাব্দিক ও বৈজ্ঞানিক পার্থক্য

‘Accident’ বা দুর্ঘটনা: এটি মূলত ঘটনার ফলাফল (Outcome) প্রকাশ করে। সাধারণ ব্যবহারে ‘দুর্ঘটনা’ বলতে বোঝায় এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যা দৈবাৎ, অলৌকিক বা ভাগ্যের লিখন হিসেবে ঘটেছে এবং যেখানে কারও কোনো নিয়ন্ত্রণ ছিল না (যেমন: প্রাকৃতিক দুর্যোগ)। এই পরিভাষা ব্যবহারে পরোক্ষভাবে ধরে নেওয়া হয় যে ঘটনাটি এড়ানো অসম্ভব ছিল।

‘Crash’ বা রোড ক্র্যাশ: এটি সরাসরি ঘটনা বা প্রতিক্রিয়া (Event/Impact)-কে নির্দেশ করে। দুই বা ততোধিক যানবাহন, কিংবা কোনো যানবাহন ও স্থির বস্তু/পথচারীর মধ্যবর্তী তীব্র সংঘাতের এই প্রক্রিয়াটি কোনো ভাগ্যের খেলা নয়। এটি নির্দিষ্ট কোনো ভুল, মানবীয় ব্যর্থতা বা অবকাঠামোগত ত্রুটির সরাসরি ভৌত ফলাফল।

ইন্টারন্যাশনাল রোড ট্রান্সপোর্ট ইউনিয়ন (IRU) রিপোর্ট অনুযায়ী ৮৫% এর অধিক রোড ক্র্যাশ মূলত হিউম্যান এরর (Error) বা মানবসৃষ্ট কারণে ঘটে থাকে, তা কোনোভাবেই শুধু নিছক দূর্ঘটনা নয়।

আন্তর্জাতিক নীতি ও বৈশ্বিক প্রেক্ষাপট

বৈশ্বিক পর্যালোচনায় সড়ক নিরাপত্তায় ‘Accident’ পরিভাষাটি বহু আগেই পরিত্যক্ত হয়েছে:

মার্কিন সড়ক প্রশাসন (NHTSA): ১৯৯৭ সালে মার্কিন ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের অধীনে থাকা National Highway Traffic Safety Administration (NHTSA) প্রাতিষ্ঠানিকভাবে ‘Accident’ পরিহার করে ‘Crash’ ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সংস্থার তৎকালীন প্রধান ড. রিকার্ডো মার্তিনেজ উল্লেখ করেন, “An accident implies that it was unpredictable and unavoidable. Crashes are not accidents; they are predictable and preventable.”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও বিশ্বব্যাংক: ২০০৪ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংক যৌথভাবে তাদের নীতি ও গবেষণা নথিতে ‘Road Traffic Crash’ (RTC) এবং ‘Road Traffic Injury’ (RTI) পরিভাষা দুটিকে প্রমিত (Standardize) ঘোষণা করে।

বিশ্ব গণমাধ্যম ও গবেষণা সাময়িকী: The Lancet, British Medical Journal-এর মতো গবেষণা সাময়িকী এবং Associated Press (AP) Stylebook-সহ আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যমগুলো সড়ক নিরাপত্তার ক্ষেত্রে ‘Accident’-এর বদলে ‘Crash’ বা ‘Collision’ ব্যবহারের নীতি বাস্তবায়ন করেছে।

কেন এই পরিবর্তনের দাবি?

১. মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন: ‘দুর্ঘটনা’ শব্দটি অবচেতনভাবেই ঘটনাটিকে ‘ভাগ্যনির্ভর’ বা ‘অপ্রতিরোধ্য’ বলে মনে করায়। অন্যদিকে ‘রোড ক্র্যাশ’ শব্দটি স্পষ্ট বার্তা দেয় যে এটি একটি নির্দিষ্ট ভৌত ঘটনা, যা সঠিক পদক্ষেপে এড়ানো সম্ভব ছিল।

২. দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ: অধিকাংশ ক্রাশের পেছনে বেপরোয়া গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মোবাইল ব্যবহার, ত্রুটিপূর্ণ রাস্তা বা ট্রাফিক আইনের শিথিলতা কাজ করে। ‘রোড ক্র্যাশ’ শব্দ ব্যবহারে চালক, পথচারী, সড়ক পরিকল্পনাকারী ও কর্তৃপক্ষের মানবীয় কিংবা কাঠামোগত দায় স্পষ্ট হয়।

৩. প্রতিরোধযোগ্যতার স্বীকৃতি (Preventability): উন্নত সড়ক অবকাঠামো, কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতার মাধ্যমে সড়ক সংঘাত শূন্যে নামিয়ে আনা সম্ভব-এই মৌলিক সত্যটি ‘ক্র্যাশ’ শব্দটির ব্যবহারে প্রাধান্য পায়।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও প্রেস রিলিজের মূল আহ্বান

বাংলাদেশে বর্তমানে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত ও বিআরটিএ (BRTA)-এর দাপ্তরিক নথিতে এখনো ‘সড়ক দুর্ঘটনা’ শব্দটি বহুল ব্যবহৃত।

এছাড়া, বাংলা একাডেমি প্রণীত অভিধানে ‘রোড ক্র্যাশ’-এর নির্দিষ্ট কোনো বাংলা পরিভাষা নেই; এর শাব্দিক অর্থ ‘সড়ক সংঘাত’ করা হলেও তা মূল শব্দের পূর্ণ ভাব ও প্রাতিষ্ঠানিক তাৎপর্য প্রকাশ করতে পারে না। তাই অর্থ ও ভাবগত যথার্থতা বজায় রাখার লক্ষ্যে ‘রোড ক্র্যাশ’ শব্দটিকেই সরাসরি বাংলায় ব্যবহারের জোর দাবি জানাচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন।

গণমাধ্যম দেশ ও জাতির বিবেক। সড়ক নিরাপত্তাকে ত্বরান্বিত করতে সংবাদ শিরোনাম, প্রতিবেদন ও টকশোতে ‘সড়ক দুর্ঘটনা’ পরিহার করে ‘রোড ক্র্যাশ’ শব্দটি ব্যবহারের জন্য আমরা সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রেরক

ইনজামুল হক
সাধারণ সম্পাদক
নিরাপদ সড়ক আন্দোলন
ফোন: ০১৫২১৩৩৬২০৭

Share on:

Facebook
X
LinkedIn
WhatsApp
Threads
Telegram
Email
Print